ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল
- আপডেট সময় : ০৫:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখার অজুহাতে গত শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু সেই হামলার জবাবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাতে এখন বড় ধরনের চাপের মুখে পড়েছে ইসরায়েল। যুদ্ধের আগুন জ্বালিয়ে এখন নিজেই তার ভয়াবহ অর্থনৈতিক মাশুল গুনছে দেশটি।
ইরানের পাল্টা হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও হামলা চালাচ্ছে ইরান। ফলে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা ও অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে।
বুধবার (৪ মার্চ) ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে দেশটির সাপ্তাহিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ বিলিয়ন শেকেল। অর্থাৎ যুদ্ধের খেসারত দিতে গিয়ে প্রতিদিনই বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে ইসরায়েল।
বর্তমানে দেশটিতে ‘রেড লেভেল’ বা সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। এই অবস্থায় কর্মক্ষেত্রে যাতায়াত সীমিত করা হয়েছে এবং স্কুল-কলেজসহ অনেক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যদি সতর্কতার মাত্রা ‘রেড লেভেল’ থেকে কমিয়ে ‘অরেঞ্জ লেভেল’ করা হয়, তাহলে সাপ্তাহিক অর্থনৈতিক ক্ষতি কমে ৪ দশমিক ৩ বিলিয়ন শেকেলে নেমে আসতে পারে। কারণ তখন কিছু কর্মক্ষেত্র আংশিকভাবে চালু রাখা সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও বড় ধাক্কার মুখে পড়বে ইসরায়েল এবং এর প্রভাব পুরো অঞ্চলের অর্থনীতিতেও ছড়িয়ে পড়তে পারে।

















