রাম নবমীতে ঢাকাসহ সারাদেশে হিন্দু মহাজোটের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পূজা আয়োজন
- আপডেট সময় : ০৫:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকা–সহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে রাম নবমী। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শুক্রবার সকাল ৯টায় শ্রী রামচন্দ্রের পূজা, যজ্ঞ ও আরতির আয়োজন করে।
পরে সকাল ১১টায় শ্রী শ্রী সীতানাথ মন্দির থেকে দয়াগঞ্জ শ্রী শ্রী শিব মন্দির হয়ে পুনরায় রামসীতা মন্দির পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে ভক্ত–অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শোভাযাত্রার আগে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা ভগবান শ্রী রামচন্দ্রের জীবনাদর্শ, ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি রাম নবমীকে সরকারি ছুটির অন্তর্ভুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠানের শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও পাবনাসহ দেশের বিভিন্ন জেলায়ও একইভাবে পূজা, শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের কর্মসূচি পালন করা হয়।
এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে উৎসবটি সারাদেশে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।










