করোনা দুর্যোগে মানবিক সাহায্য অব্যাহত পুলিশের
- আপডেট সময় : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০ ৭৬১ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক : করোনা দুর্যোগে প্রায় দু’মাস যাবত বন্ধ রয়েছে গণপরিবহন। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো পরিবহন শ্রমিক। সামনে ঈদ। ঠিক সেই সময়ে মানবিক সহায়তার হাত বাড়ালেন গাজীপুর মেট্রোপলিটান পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেন। বুধবার সকালে গাজীপুর সদর থানার উদ্যোগে ২৫০ জন কর্মহীন গণপরিবহন শ্রমিকদের মাঝে এসব ঈদ সামগ্রী প্রদান করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, থানার সকল অফিসার ও ফোর্সের বেতন-বোনাস থেকে দেয়া অর্থে কর্মহীন পরিবহন শ্রমিকদের জন্য এসব ঈদ উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়। যার মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, আলু, তেল, সেমাই ইত্যাদি। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সোহরাব হোসাইন, সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।










