২৫ বছর পর মন্ত্রিপরিষদে নগরকান্দার সন্তান শামা ওবায়েদ
- আপডেট সময় : ০৭:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের কৃতি সন্তান, বর্ষীয়ান রাজনীতিক কে এম ওবায়দুর রহমান-এর উত্তরসূরি শামা ওবায়েদ অবশেষে মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন। দীর্ঘ ২৫ বছর পর ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসন থেকে কেউ মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হলেন।
২০০৭ সালে বাবার মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন শামা ওবায়েদ। ২০০৮ সালে প্রথমবারের মতো ফরিদপুর-২ আসন থেকে নির্বাচন করেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে একজন পরিণত ও দক্ষ রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচনের আগেই এলাকায় প্রত্যাশা ছিল, বিএনপি সরকার গঠন করলে শামা ওবায়েদ মন্ত্রিপরিষদে স্থান পাবেন। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। মঙ্গলবার তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এতে নগরকান্দা ও সালথাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।
উল্লেখ্য, এই আসন থেকে সর্বশেষ ২০০১ সালের অক্টোবর পর্যন্ত বন ও পরিবেশমন্ত্রী ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। এরপর দীর্ঘ আড়াই দশক মন্ত্রীশূন্য ছিল আসনটি।
নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বলেন, তাদের প্রিয়নেত্রী শামা ওবায়েদের মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্তি দুই উপজেলার মানুষের জন্য গর্বের বিষয়। যোগ্য পিতার উত্তরসূরি হিসেবে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।



















