লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে মাঠে নামছে ডিএমপি
- আপডেট সময় : ০২:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহন অপসারণের ঘোষণা দিয়ে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি খুব একটা হয়নি।
এর আগে ইউনূস জমানায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এক মাসের মধ্যে লক্কড়ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ যানবাহন সড়ক থেকে সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় দায়িত্বে থাকার পরও কার্যকর উদ্যোগের অভাব নিয়ে সমালোচনা রয়েছে।
বরং ইউনূস সরকারের ১৮ মাসে লাখ লাখ অবৈধ ব্যাটারি রিকশা জাতির গলায় ঝুলিয়ে দিয়ে গেছে।
এমন প্রেক্ষাপটে বুধবার (৬ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে চলাচলকারী লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী বাস ও মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফ) ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনের আয়ুষ্কাল ২৫ বছর নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়সীমা অতিক্রম করা যানবাহন রাজধানীতে চলাচল না করার জন্য মালিক ও চালকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ঢাকায় কিছু ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বাস এবং পণ্যবাহী যানবাহন চলাচল করছে, যেগুলো প্রায়ই সড়ক, উড়ালসড়ক ও সেতুর ওপর বিকল হয়ে তীব্র যানজট সৃষ্টি করছে। এতে জনদুর্ভোগ বাড়ছে এবং সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি জানিয়েছে, ইকোনমিক লাইফ অতিক্রম করা সব ধরনের ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে জরিমানা, যানবাহন ডাম্পিংয়ে পাঠানোসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


















