রমজান নিয়ে মুনাফাখোরি বরদাশত নয়: ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি
- আপডেট সময় : ১১:৪০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
রমজান মাসকে পুঁজি করে যারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায়, মজুতদারি করে বাজার অস্থির করে তোলে, তাদের বিরুদ্ধে আর কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, কালোবাজারি মানে শুধু আইন ভঙ্গ নয়, এটি রোজাদার মানুষের কষ্টকে পুঁজি করে মুনাফাখোরির নির্মম চর্চা। এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
মন্ত্রী বলেন, রমজান সংযম ও তাকওয়ার মাস। এই পবিত্র সময়ে যারা খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে, তারা শুধু রাষ্ট্রের আইন নয়, নৈতিকতা ও মানবিকতার বিরুদ্ধেও অবস্থান নেয়।
জনগণের কষ্টে যারা লাভ খোঁজে, তাদের কোনো ছাড় নেই। সরকারের অবস্থান একদম পরিষ্কার, সাধারণ মানুষের স্বার্থই সবার আগে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করবে। জনগণের অধিকার রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। রমজানের পবিত্রতা নষ্ট করে যারা অসাধু ব্যবসা করবে, তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতেই চলবে, এবার আর কেউ পার পাবে না।



















