তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ আমেরিকার: বিদেশমন্ত্রী
- আপডেট সময় : ১২:২৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১ ৩০৬ বার পড়া হয়েছে
মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন
তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ যেতেই যুক্তরাষ্ট্রের এমন মনোভাবে বিস্মিত আন্তর্জাতিক মহল। রবিবার
এক সাক্ষাৎকারে আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন একথা জানান। তবে শর্ত হচ্ছে, তালেবানকে নিশ্চিত করতে হবে, সেদেশে কোনোভাবে মানবাধিকার লঙ্ঘিত হবে না। বিশেষ
করে নারীদের অধিকার খর্ব করা হবে না এবং জঙ্গিদেরও কোনোভাবে আশ্রয় দিতে পারবে না বলে সতর্ক করেন মার্কিন বিদেশমন্ত্রী।
অন্যদিকে কাবুল দখলের পর আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান। এরই মধ্যে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তারা। আল-জাজিরার খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় বিদ্রোহী গোষ্ঠীটি।
এদিকে মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপরই রবিবার রাতে প্রেসিডেন্ট ভবনের দখল নেয় তালেবান।
মোহাম্মদ নাইম নামে তালেবানের এক মুখপাত্র বলেন, তালেবান বিচ্ছিন্ন অবস্থায় থাকতে চায় না এবং শাসনের ধরন ও রাষ্ট্রীয় গঠন কাঠামো খুব শিগগিরই পরিষ্কার করা হবে। বিশ্বের অন্যান্য
রাষ্ট্রের সঙ্গে তালেবান শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চায়। তিনি আরও বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। যুদ্ধ শেষ হয়েছে। আমরা যা চাচ্ছিলাম তা পেয়েছি। এই স্বাধীনতা আমাদের দেশের, দেশের
জনগণের। আমাদের এই ভূমিকে অন্যের ক্ষতি করার জন্য ব্যবহৃত হতে দেব না এবং আমরাও কারও জন্য ক্ষতির হব না।










