প্রস্তুত বঙ্গভবন সন্ধ্যা সাড়ে সাতটায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান
- আপডেট সময় : ০২:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো আয়োজন পরিচালনা করছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। পরে ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতির শপথ পাঠ করাবেন।
এর আগে গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। পদটি শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি হয়।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন। তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় ভোট পড়ে ৩৪০টি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। অলি আহমদ পান ৮৮ ভোট।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। পরে সন্ধ্যায় নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করা হয়।
১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর এবারই দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হলো। এর আগে ১৯৯১ সালেই বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় ভোট হয়েছিল। পরবর্তী সাতটি নির্বাচনে একক প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে আজ শুক্রবার বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর তিনি শ্রদ্ধা নিবেদন এবং সূরা ফাতেহা পাঠ করেন।


















