তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- আপডেট সময় : ১২:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জাতীয় সংসদে বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান।

সূচি অনুযায়ী, বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। শপথগ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে নবনির্বাচিত সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত এমপিরা সরকারের নেতৃত্ব ও সংসদ পরিচালনায় তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।



















