কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা
- আপডেট সময় : ১২:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশে কিছুটা স্বস্তির খবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি জানিয়েছেন, আমদানি করা কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, ফলে জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ লাইনে কিছুটা বিঘ্ন ঘটায় দেশে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার আগে থেকেই বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল।
তবে বর্তমানে কয়েকটি তেলবাহী জাহাজ দেশে পৌঁছানোয় পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে বলে জানান তিনি।
একইসঙ্গে জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং চলমান বোরো মৌসুমে কৃষকদের জ্বালানি চাহিদা নিশ্চিত করতে জ্বালানি তেল বিতরণে আরোপিত রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় তিনি আরও বলেন, ১৫ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।
বর্তমান পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তাও ধীরে ধীরে কেটে যাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।


















