ইরানের হামলার মুখে ঘাঁটি ছেড়ে লুকিয়ে পড়ছেন হাজারো মার্কিন সেনা
- আপডেট সময় : ০৩:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ২০ বার পড়া হয়েছে
কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হামলা চলতে থাকায় অনেক সামরিক ঘাঁটি খালি করে কৌশলগত অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।
এই পরিস্থিতিতে মার্কিন সেনাদের আবাসন সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে হোটেল ও ব্যক্তিগত বাসাবাড়িতে আশ্রয় নিয়ে আত্মগোপনে অবস্থান করছেন হাজারো মার্কিন সেনা।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, আবাসিক এলাকায় অবস্থান নেওয়া মার্কিন সেনাদের সম্পর্কে তথ্য দিতে মধ্যপ্রাচ্যের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখা।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হাজার হাজার মার্কিন সেনা হোটেল ও ব্যক্তিগত আবাসনে অবস্থান করছে। এতে ওয়াশিংটন তাদের ‘আরব ভাইদের মানবঢাল’ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বলেও দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সেনাদের শনাক্ত করতে বাধ্য হচ্ছে তারা। তাই স্থানীয়দের হোটেলগুলোতে তাদের আশ্রয় না দেওয়া এবং তাদের অবস্থান থেকে অন্যদের দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। আত্মগোপনে থাকা মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য টেলিগ্রামের মাধ্যমে পাঠাতে জনগণকে অনুরোধও জানানো হয়।
এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ তথ্য নিশ্চিত করে বলেন, ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর হামলা অগ্রহণযোগ্য। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্কবার্তা দিয়েছেন।
এর আগে ফ্রান্সের সেনাবাহিনী জানিয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে থাকা ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।
সূত্র: মিডল ইস্ট আই, তাসনিম নিউজ।



















