হাদির ওপর হামলার নতুন মোড়: মোটরসাইকেল মালিক আবদুল হান্নান আটক
- আপডেট সময় : ১২:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।
হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার মালিকানাধীন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
রোববার (১৪ ডিসেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, আব্দুল হান্নানকে আটক করে র্যাব-২ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, র্যাব শুধু আব্দুল হান্নানকে দিয়েছে, তবে মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি।
প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। বেলা দুইটা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।




















