পূজা নিয়ে আ. লীগ ও গুপ্তদের ষড়যন্ত্র সফল হয়নি: রিজভী
- আপডেট সময় : ০২:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে দুর্গাপূজা ঘিরে আওয়ামী লীগ ও গুপ্তদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রমাণ আছে বলেই আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রী। অপপ্রচারের ক্ষেত্রে এই দুই দলের সঙ্গে প্রতিযোগিতা করে কেউ টিকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে রিজভী দাবি করেন, দলটি তার প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয়নি।
ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করতে দেশের সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেউ যেন পরীক্ষা না করিয়ে হাসপাতাল থেকে ফিরে যেতে বাধ্য না হন, তা নিশ্চিত করতে হবে।



















