সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
ঢাকার বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং দেশের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে দেওয়া।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, ওইদিন বিডিআর বিদ্রোহে চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনাকে তিনি জাতির জন্য লজ্জাজনক ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করার জন্য গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
তিনি আরও বলেন, ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা চালানো হলেও জনগণ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে। স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বাধীনতার সার্বভৌমত্ব সুসংহত করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ পেয়েছে। অতীতের ধারাবাহিকতায় দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করাই তাদের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।










