শিশু গৃহকর্মী নির্যাতন: ক্ষমতার আড়ালে অমানবিকতা, সস্ত্রীক বিমানের এমডি গ্রেফতার
- আপডেট সময় : ০৭:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
শিশুদের প্রতি নিষ্ঠুরতার আরেকটি ঘৃণিত ও লোমহর্ষক ঘটনা সামনে এসেছে রাজধানীতে। ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎস নির্যাতনের অভিযোগে রাষ্ট্রীয় সংস্থা বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ঘটনাটি মানবতা, নৈতিকতা ও আইনের প্রতি চরম অবমাননার নগ্ন উদাহরণ হিসেবে দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে।
রোববার দিবাগত গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য দুইজন হলেন বাসার আরও দুই গৃহকর্মী, যাদের বিরুদ্ধে নির্যাতনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ক্ষমতা ও প্রভাবের আড়ালে একটি নিষ্পাপ শিশুর ওপর এমন নির্মম আচরণ সমাজকে গভীরভাবে লজ্জিত করেছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, প্রাপ্ত অভিযোগ অনুযায়ী শিশুটিকে দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। শরীরজুড়ে আঘাতের চিহ্ন ও ভয়াবহ নিপীড়নের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রোমের মিয়া গ্রেফতারদের কারাগারে আটক রাখার আবেদন করেছেন। সোমবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
একজন শিশু গৃহকর্মী যে নিরাপত্তা, মমতা ও সুরক্ষার আশায় অন্যের ঘরে কাজ করতে বাধ্য-তার ওপর এমন পাশবিক নির্যাতন কোনোভাবেই ক্ষমার অযোগ্য। এটি শুধু একটি অপরাধ নয়, এটি সভ্য সমাজের মুখে চপেটাঘাত। অপরাধীর পরিচয় যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই নীতির কঠোর ও দৃষ্টান্তমূলক প্রয়োগই এখন সময়ের দাবি।


















