রোজার ছুটি নিয়ে টানা আলোচনা-সমালোচনা ও আইনি নাটকীয়তার পর অবশেষে রমজান মাসের পুরো সময় সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন বৃহস্পতিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে সংশোধিত ছুটির তালিকা প্রকাশের সিদ্ধান্ত জানায়। আগে শিক্ষাপঞ্জি অনুযায়ী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্তে রোজার প্রথম দিন থেকেই বিদ্যালয় বন্ধ থাকবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশোধিত বর্ষপঞ্জি প্রকাশ করে জানায়, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো ঈদের ছুটি শেষে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ থেকে ক্লাস শুরু হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহানা শারমিন জানান, প্রাথমিক বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে কলেজ ও মাদ্রাসা আগে থেকেই রোজার শুরু থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত ছিল। কলেজের বর্ষপঞ্জি অনুযায়ী বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়ে ২৯ মার্চ ক্লাস পুনরায় চালু হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী উপলক্ষে সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। এর মধ্যেই মাধ্যমিক বিদ্যালয় রোজাজুড়ে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল।
হাইকোর্ট রমজানজুড়ে ছুটি দেওয়ার আদেশ দিলেও পরদিন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব সেই আদেশ স্থগিত করেন। এর পরই সরকার নতুন সিদ্ধান্তে পুরো রোজা মাস বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেয়।



















