ভাষার মাসের আবেগ ও চেতনা ২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা
- আপডেট সময় : ১০:১৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ভাষার মাসের আবেগ, একুশের চেতনা আর বইপ্রেমীদের প্রতীক্ষা ঘিরে অবশেষে শুরু হতে যাচ্ছে প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। নানা আলোচনা-সমালোচনা ও রোজার সময়সূচি নিয়ে জটিলতার পর আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির সভাকক্ষে প্রকাশক ও আয়োজকদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ সংশ্লিষ্টরা।
ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিবাহী এ মেলা কেবল বই কেনাবেচার আয়োজন নয়; এটি বাঙালির আত্মপরিচয়ের উৎসব, চিন্তার মুক্তির মঞ্চ। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিবছরই এখানে জড়ো হন লেখক-পাঠক-প্রকাশক-সাহিত্য আর সংস্কৃতির মিলনমেলায়।
প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এবার অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া শতভাগ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে, যা বইমেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা আগে স্টল বরাদ্দ নেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন; লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হবে। আগে আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে না।
ভাষার মাস ফেব্রুয়ারিতে বইমেলা মানেই আবেগের পুনর্জাগরণ। শহীদ মিনারের চেতনা বুকে নিয়ে বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে পড়বে স্বাধীন চিন্তার আলো। বইপ্রেমীদের পদচারণায় আবারও মুখর হবে একুশের প্রাঙ্গণ, যেখানে শব্দই শক্তি, জ্ঞানই মুক্তি।



















