তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি নয়, থাকবেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা
- আপডেট সময় : ০৫:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। নরেন্দ্র মোদি অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারলেও, ভারত সরকারের পক্ষ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন ওম বিড়লা। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত–বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও ঐতিহাসিক বন্ধুত্বের প্রতিফলন এবং দুই দেশের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অবিচল অঙ্গীকারের পুনর্ব্যক্তি।
ভারত সরকার প্রতিবেশী ও অংশীদার রাষ্ট্র হিসেবে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরকে স্বাগত জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে নবগঠিত সরকার আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবে।
শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
কূটনৈতিক মহলে এ আয়োজনকে বাংলাদেশ ও আঞ্চলিক অংশীদারদের মধ্যে বহুমাত্রিক সহযোগিতা জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



















