সংসদে ২০ ঋণখেলাপির তালিকা : ঋণের পরিমাণ প্রায় সাড়ে ৫ লাখ কোটি টাকা
- আপডেট সময় : ০৬:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।
এর মধ্যে বর্তমান সংসদ সদস্য এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।
এছাড়া আদালতের নির্দেশনার কারণে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি বলেও জানান অর্থমন্ত্রী।
সোমবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ-এর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য উপস্থাপন করেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরা হয়।
প্রশ্নে হাসনাত আবদুল্লাহ দেশে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ, শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠান, খেলাপি ঋণ আদায়ে সরকারের পদক্ষেপ এবং সংসদ সদস্যদের ঋণ পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে, এস আলম সুপার এডিবল অয়েল লি., এস আলম ভেজিটেবল অয়েল লি., এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লি., এস আলম কোল্ড রোলেড স্ট্রিলস লি., সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি., গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি., চেমন ইস্পাত লি., এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লি., ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লি., কেয়া কসমেটিকস লি., দেশবন্ধু সুগার মিলস লি., পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লি., পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লি., প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি., কর্ণফুলি ফুডস (প্রা.) লি., মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লি. এবং রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।
অথর্মন্ত্রী খেলাপি ঋণ আদায়ে সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন।

















