কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি
- আপডেট সময় : ০৩:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে পানি উন্নয়ন মন্ত্রণালয় বরাবরে স্মারক লিপি দেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি
ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধান, কৃষিপণ্য পরিবহন স্বাভাবিক রাখা এবং মৎস্যজীবী জেলেদের নৌকা নিরাপদ স্থানে রাখার দাবিতে ইলিশা–রাজাপুর (মেঘনা সংলগ্ন) খাল পুনঃখনন ও আধুনিক জলকপাট স্থাপনের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকালে মানববন্ধন কর্মসূচি শেষে ভোলার জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা।
সংগঠনটির তরফে জানানো হয়, ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়ন বহুদিন ধরে তীব্র জলাবদ্ধতায় ভুগছে। দুই ইউনিয়নের সীমানায় অবস্থিত মেঘনা নদীসংলগ্ন খালটির মুখে বাঁধ দেওয়া হলেও সেখানে কার্যকর কোনো জলকপাট স্থাপন করা হয়নি।
ফলে বর্ষা মৌসুমে পানি স্বাভাবিকভাবে বের হতে না পেরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবার শুষ্ক মৌসুমে খালটি পুরোপুরি শুকিয়ে যায়, যার কারণে কৃষি ও জনজীবনে নানামুখী সংকট দেখা দিচ্ছে।

খালের মুখ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় মৎস্যজীবী জেলেরা ঝড়–বাদলের সময় নিরাপদ আশ্রয় পাচ্ছেন না।
ইলিশা ফেরিঘাটের পশ্চিম পাশে জেলেদের নৌকা রাখার একমাত্র আশ্রয়স্থল খালটি সিসি ব্লক নির্মাণের সময় অনেকাংশে ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে জেলেরা বাধ্য হয়ে সিসি ব্লকের গা ঘেঁষে কিংবা সরাসরি মেঘনা নদীতে নৌকা রাখছেন।
এতে সামান্য ঝড়–বাতাসেই নৌকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জেলেদের জীবিকা হুমকির মুখে পড়ছে এবং চুরি–ডাকাতির ঝুঁকিও বেড়ে গেছে।
এছাড়া খালটি অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিপাত হলেই ইলিশা ও রাজাপুর এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। কৃষিপণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বড় মৌসুমে সেচ সুবিধা না থাকায় কৃষকেরা উৎপাদনে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এ পরিস্থিতিতে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মৌলভীরহাট কামিল মাদরাসার পাশ দিয়ে এবং ফেরিঘাটের পাশ দিয়ে নৌকা চলাচল উপযোগী একটি আধুনিক জলকপাট স্থাপনসহ ইলিশা–রাজাপুর চ্যানেলের খালটি জরুরি ভিত্তিতে পুনঃখননের দাবি জানিয়েছে সংগঠনটি।
তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়ন হলে জলাবদ্ধতা দূর হবে, কৃষিপণ্য পরিবহন স্বাভাবিক হবে, সেচ সুবিধা নিশ্চিত হবে এবং দুর্যোগের সময় জেলেরা তাদের নৌকা নিরাপদ স্থানে সরিয়ে রাখতে পারবেন। পাশাপাশি জেলেদের জীবিকা সুরক্ষিত হবে এবং চুরি–ডাকাতির ঝুঁকিও কমবে।
বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজী জানান, কৃষক ও জেলেদের অস্তিত্ব রক্ষা এবং তাদের জীবিকার একমাত্র অবলম্বন নৌকা নিরাপদ রাখার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচি শেষে ভোলার জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা চেয়ারম্যান, ইলিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
তিনি বলেন, কৃষি ও মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় বিষয়টি মানবিক ও বাস্তবতার আলোকে বিবেচনা করে দ্রুত খাল পুনঃখনন ও আধুনিক জলকপাট স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

















