সুয়েজ খাল অচল হওয়ার শঙ্কা: হুথিদের হুমকিতে বৈশ্বিক বাণিজ্যে নতুন সংকট
- আপডেট সময় : ০৪:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ সুয়েজ খাল অচল হয়ে পড়তে পারে, এমন আশঙ্কা জোরালো হচ্ছে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইতোমধ্যেই সরাসরি যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথ হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা প্রতিক্রিয়ায় শুরু থেকেই জবাব দিচ্ছে তেহরান। টানা ২৯ দিনের এই সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে হুথি সরকারের তথ্য মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মোহাম্মদ মনসুর সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা আরও তীব্র হলে হুথিরা চুপ করে থাকবে না, বরং সরাসরি যুদ্ধে অংশ নেবে।
বিশ্লেষকদের মতে, এই হুমকি শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করছে।
কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল জাজিরা–কে বলেন, হুথিরা যদি বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেয়, তবে লোহিত সাগরের পথ বন্ধ হয়ে শেষ পর্যন্ত সুয়েজ খালে জাহাজ চলাচল ব্যাহত হবে।
এতে বিশ্ব একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ‘চোকপয়েন্ট’ হরমুজ প্রণালী ও সুয়েজ খাল সংকটে পড়তে পারে। এই দুই নৌপথ আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য পরিবহনের প্রধান ধমনী হিসেবে বিবেচিত।
এলমাসরির ভাষায়, হুথিদের ধারাবাহিক হামলা ইসরায়েলের শক্তিশালী হলেও ‘অভেদ্য নয়’ এমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
ইতোমধ্যে হিজবুল্লাহ ও ইরানের কিছু ক্ষেপণাস্ত্র সেই প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে। এর সঙ্গে ইয়েমেন থেকে হামলা যোগ হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিকভাবে এই দীর্ঘায়িত সংঘাত কিছু ক্ষেত্রে ইসরায়েলের কৌশলগত লক্ষ্য পূরণেও সহায়ক হতে পারে, কারণ তারা যুদ্ধ দ্রুত শেষ করতে আগ্রহী নয়।
এদিকে ইরান ইতোমধ্যেই বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, যার প্রভাব বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল।
সূত্র: আল জাজিরা



















