নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫
- আপডেট সময় : ০২:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাবা-ছেলেসহ উভয় পক্ষের সদস্য রয়েছেন। এছাড়া সংঘর্ষে অন্তত ছয় থেকে সাতজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও খলিল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড়কুলা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই পক্ষের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ নিহত হন।
অপরদিকে গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।



















