জালিয়াতির সরকার হলে জনগণের দুঃখ বুঝতে না: জামায়াতের আমির
- আপডেট সময় : ০৮:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
ঢাকা-১৫ আসনে ভোট প্রদান শেষে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে শফিকুর রহমান বলেছেন, জালিয়াতির মাধ্যমে সরকার গঠিত হলে সেই সরকার জনগণের দুঃখ-দরদ বুঝতে পারবে না এবং জনগণের সঙ্গে তাদের কোনো কার্যকর সেতুবন্ধ থাকবে না। তিনি আশা প্রকাশ করেন, দল, ব্যক্তি বা পরিবারের ঊর্ধ্বে উঠে ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী একটি সরকার প্রতিষ্ঠিত হবে।
ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে অধিকাংশ স্থানে সন্তোষজনক উপস্থিতি দেখেছেন। বিশেষ করে মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে শুরুতে স্বাভাবিক পরিবেশ লক্ষ্য করা গেলেও পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে জোরপূর্বক প্রবেশ ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, ভোটার ও সমর্থকদের শারীরিকভাবে নাজেহাল করার ঘটনাও ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একজন কর্মকর্তার দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোট গ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রের ভেতরে যেন কেবল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও প্রার্থীদের এজেন্টরা থাকেন, এ বিষয়ে তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রের ভেতর-বাইরের পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রিত রাখার ওপরও জোর দেন তিনি।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিএনপি-সমর্থিত প্রার্থীদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে শফিকুর রহমান আশঙ্কা প্রকাশ করেন, গণনার সময় কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হলে তা জন-আকাঙ্ক্ষার প্রতিফলনকে বাধাগ্রস্ত করবে।
শান্তিপূর্ণ ভোট ও ভয়ের সংস্কৃতি পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে নিজের পছন্দমতো ভোট দিতে পারেন, এটাই তাঁর প্রত্যাশা।


















