আইজিপির পর ডিএমপি কমিশনারও অব্যাহতি চাইলেন
- আপডেট সময় : ০৪:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আইজিপির পদত্যাগের পর এবার দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন শেখ মো. সাজ্জাত আলী। পারিবারিক কারণ দেখিয়ে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পদ ছাড়ার জন্য আবেদন করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদরদপ্তরে পাঠান তিনি। বিষয়টি নিশ্চিত করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি চিঠি দিয়েছেন। যদিও তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২১ নভেম্বর। মেয়াদ শেষের প্রায় নয় মাস আগেই পদত্যাগের আবেদন করায় বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন চলছিল। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন রাজনৈতিক বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হতে পারে।
বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনার কথা আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্রমাগত শীর্ষ পর্যায়ের এ পরিবর্তন আইনশৃঙ্খলা বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।



















