নাটোরে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ১৪ জনের, আহত ৩২
- আপডেট সময় : ১২:১৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
সেখান থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পাশাপাশি আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানীয় ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হয়। কী কারণে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



















