ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু
- আপডেট সময় : ১১:১৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন তিন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে জেলা মহিলা হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) এ আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। ওই সময় ইউনিটটিতে মোট ৩৯ জন নবজাতক ভর্তি ছিল।
আগুন লাগার পর চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ও আগুনে গুরুতর দগ্ধ হয়ে তিন নবজাতকের মৃত্যু হয়। আরও ছয় নবজাতক গুরুতর আহত হওয়ায় তাদের নিকটস্থ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে অধিকাংশ নবজাতককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভেন্টিলেটর বিস্ফোরণকে প্রাথমিকভাবে আগুনের কারণ হিসেবে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, এর আগে কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায়ও ব্যাপক শোক ও উদ্বেগ তৈরি হয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে একই পরিবারের সদস্যও ছিলেন বলে জানা যায়। পরপর এমন অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল ও আবাসিক ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



















