পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন
- আপডেট সময় : ১১:০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এমপির মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করার লক্ষ্যে তাঁদের মধ্যে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এ বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন রয়েছে।
পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। তিনি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়, অনাবাসী বাংলাদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রীর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-সংক্রান্ত বিষয় দেখভাল করবেন।
এ ছাড়া তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।
পরিপত্রে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করার লক্ষ্যে দুই প্রতিমন্ত্রীর মধ্যে এসব দায়িত্ব বণ্টন করা হয়েছে।



















