২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১০:৪৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটি হবে তাঁর প্রথম অংশগ্রহণ ও ভাষণ। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রে এটিই হবে তাঁর প্রথম সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠিয়েছে। সফরকে সামনে রেখে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর হবে প্রায় নয় দিনের।
সফরকালে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও সাইডলাইন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতিসংঘের এবারের অধিবেশন বাংলাদেশের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ।
নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন বলে জানা গেছে।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটি হবে যুক্তরাষ্ট্রে প্রথম সফর। এর আগে জুনে তিনি সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যান। ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফরের পর তিনি চীন সফর করেন। ছয় দিনের ওই সফর ছিল প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।
প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি জাতিসংঘসহ বহুপক্ষীয় অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও স্বার্থ তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



















