সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রীর তারেক রহমান
- আপডেট সময় : ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকালে অধিবেশনের বিরতির সময় জাতীয় সংসদে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ দেওয়ার ধারাবাহিকতায় মঙ্গলবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। দুপুরে সংসদে এসে তারা ভবনের স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে ছবি তোলেন। পরে তারা সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষক-শিক্ষার্থী, নটর ডেম কলেজের ১০ শিক্ষক ও ৪৩ শিক্ষার্থী, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের চার বিদেশি শিক্ষার্থীসহ আটজন এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান।
অধিবেশনের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ তাদের মধ্যে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।



















