১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট, ১৭–১৮ ফেব্রুয়ারি নতুন সরকার: আসিফ নজরুল
- আপডেট সময় : ০৭:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, ফলাফল চূড়ান্ত হওয়ার পর গেজেট নোটিফিকেশন জারি করা হবে সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে। এরপর যত দ্রুত সম্ভব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। শপথ সম্পন্ন হলে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
তিনি আরও জানান, রমজান শুরুর আগেই, অর্থাৎ ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই-নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার মধ্য দিয়েই এই রূপান্তর সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণের ফলে একটি স্থিতিশীল পরিবেশ বজায় আছে বলেও উল্লেখ করেন তিনি।
সব মিলিয়ে গেজেট প্রকাশ থেকে সরকার গঠন-পুরো প্রক্রিয়াই নির্ধারিত সময়সীমার মধ্যেই শেষ হবে বলে সরকারিভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে।


















