১২ মার্চ বসছে সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনেই প্রথম অধিবেশন
- আপডেট সময় : ০৭:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী অধিবেশন শুরুর অন্তত ১৫ দিন আগে রাষ্ট্রপতিকে প্রজ্ঞাপন জারি করতে হয়। সে লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে অধিবেশন আহ্বান করা হবে। নির্ধারিত তারিখ ১২ মার্চ।
প্রথম অধিবেশনের কার্যসূচি নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। এতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণও থাকবে। অন্যান্য বিষয় সংসদের নিয়মিত কার্যপ্রণালির মাধ্যমে নির্ধারিত হবে।
নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে মন্ত্রী জানান, রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়নি; তবে স্পিকার নির্বাচন অধিবেশনের পরবর্তী ধাপে হবে।
এদিকে মোহাম্মদপুরের আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের সম্ভাবনার কথাও ইঙ্গিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কিছু পরিবর্তন আসবে, তবে তার জন্য সামান্য সময় প্রয়োজন।

















