সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন
- আপডেট সময় : ১১:১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শপথ নিয়েছেন। তবে একই দিনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ শপথ গ্রহণের আগে সংসদ ভবনের শপথ কক্ষে সাংবাদিকদের বলেন, বিএনপির কোনো সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।
তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা কেউ এ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানেও এখনো এ বিষয়ে কোনো বিধান যুক্ত হয়নি।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি, পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন, সে বিষয়েও সাংবিধানিক বিধান থাকা প্রয়োজন। “সংবিধানে যখন এ বিষয়ে কোনো স্পষ্ট বিধান নেই, তখন আমরা শপথ নেব না। আমরা সংবিধান মেনেই চলছি এবং ভবিষ্যতেও চলবো,”—যোগ করেন তিনি। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকেই এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে দলটি।
অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

















