ভোটের ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রে সতর্ক উপস্থিতির আহ্বান বিএনপি–জামায়াতের
- আপডেট সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে পর্দা নেমেছে দেশের নির্বাচনী উৎসবের। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলো, যা রাজনৈতিক ও সাংবিধানিক দিক থেকে এক ব্যতিক্রমী অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত দলীয় কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্র এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দল দুটির নেতারা বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও ভোটের সুরক্ষা নিশ্চিত করতে শেষ মুহূর্ত পর্যন্ত নজরদারি জরুরি। নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অভিযোগ থাকলেও সার্বিকভাবে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
যা সাম্প্রতিক বছরের প্রেক্ষাপটে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। কেন্দ্র দখল, ব্যাপক সংঘর্ষ বা প্রাণহানির মতো ঘটনা অনুপস্থিত থাকায় ভোটের পরিবেশ তুলনামূলকভাবে শান্ত ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে খুলনায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির এক ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে, যা নির্বাচনের দিনটিকে কিছুটা ম্লান করেছে। ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
সব মিলিয়ে নজর এখন ফল ঘোষণার দিকে, আর সেই ফল ঘিরেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে হিসাব-নিকাশ ও প্রত্যাশার নতুন সমীকরণ।


















