বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচন বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন
- আপডেট সময় : ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ২০২৬ সালের বিশ্বব্যাপী অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ । বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিপুলসংখ্যক ভোটার ও প্রার্থীর অংশগ্রহণ এ নির্বাচনকে বৈশ্বিক পরিসরে এক অনন্য দৃষ্টান্তে পরিণত করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ১২ কোটি ৭০ লাখের বেশি নিবন্ধিত ভোটার এবং ৭৮ জন নারীসহ মোট ২,০২৬ জন প্রার্থীর অংশগ্রহণ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাপকতা ও অন্তর্ভুক্তির দিক থেকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। সব মিলিয়ে এ নির্বাচনকে বৈশ্বিক প্রেক্ষাপটে বৃহত্তম গণতান্ত্রিক উৎসব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করা হয়।
কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট আকুফো–আডডো ঢাকা–৮ আসনের ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, ভোটকেন্দ্র খোলার মুহূর্ত থেকে ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কমনওয়েলথ দল।
নানা আকুফো–আডডো বলেন, এত বড় পরিসরে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি এবং একই সঙ্গে সাংবিধানিক সংস্কার নিয়ে গণভোটের আয়োজন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও বিস্তৃত ও অংশগ্রহণমূলক করেছে।
পর্যবেক্ষকরা আরও জানান, সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরুর আগেই সারাদেশে নীরব উত্তেজনা ও প্রত্যাশার আবহ তৈরি হয়েছিল, যা একটি বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আগ্রহ ও সম্পৃক্ততারই প্রতিফলন।


















