প্রকৃত কৃষক শনাক্তে ‘কৃষক কার্ড’: সেবা পৌঁছাবে সরাসরি মাঠে, প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে
দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষিকে আরও শক্তিশালী করতে প্রকৃত কৃষকদের শনাক্ত করে তাদের হাতে সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকরা যাতে ন্যায্য মূল্য, ভর্তুকি ও প্রণোদনা সহজে পান, তা নিশ্চিত করতেই স্মার্টভিত্তিক ‘কৃষক কার্ড’ চালু করা হচ্ছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে কৃষকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
সভায় মন্ত্রিসভার সংশ্লিষ্ট মন্ত্রী–প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে প্রান্তিক কৃষকদের সুযোগ–সুবিধা বাড়ানো, কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ ও আধুনিক করা এবং একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কৃষক কার্ডের কারিগরি দিক, বিতরণ পদ্ধতি ও তথ্যভান্ডার প্রস্তুতির বিষয়ে অবহিত করা হলে প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের আগে কৃষকদের জন্য সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান, ‘কৃষক কার্ড’ চালু সেই অঙ্গীকার বাস্তবায়নেরই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষকবান্ধব এ উদ্যোগের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায্যতার ভিত্তিতে সহায়তা পৌঁছানোর আশা করছে সরকার।










