নির্বাচন ঘিরে অনৈতিক তৎপরতা ও সহিংসতার অভিযোগ বিএনপির
- আপডেট সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
নির্বাচনের প্রাক্কালে অনৈতিক তৎপরতা, অর্থের প্রভাব বিস্তার এবং সহিংসতার অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হওয়ার ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইনসাফ ও দুর্নীতিবিরোধী অবস্থানের কথা বলেও অর্থের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা চরম দ্বিচারিতা বলে মন্তব্য করেন তিনি। টানা কয়েকদিন দেশের ব্যবসায়িক কার্যক্রম স্থবির থাকার প্রেক্ষাপটে এত বড় অঙ্কের নগদ অর্থ বহনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতা।
তিনি আরও দাবি করেন, ঢাকা–১৫, কুমিল্লা, নোয়াখালী ও খুলনাসহ বিভিন্ন স্থানে অবৈধ লেনদেনের খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি জামায়াত–শিবির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি সংগ্রহ করছে বলেও অভিযোগ তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে ভোটার পরিচয় নিশ্চিত করার প্রসঙ্গও তুলে ধরা হয়। মাহদী আমিন বলেন, ধর্মীয় পোশাকের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল হলেও কেউ যাতে তা অপব্যবহার করে জাল ভোট দিতে না পারে, সেজন্য প্রয়োজনে নারী প্রিসাইডিং অফিসার বা এজেন্টের উপস্থিতিতে পরিচয় যাচাই নিশ্চিত করতে হবে।
সহিংসতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বগুড়া–৪ আসনের নন্দীগ্রামে হামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি। এছাড়া লক্ষ্মীপুরে জাল সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির জবানবন্দির কথাও উল্লেখ করেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধারের লড়াই হিসেবে উল্লেখ করে বিএনপি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানায়। একই সঙ্গে নির্বাচন কমিশন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
















