তারেক রহমানকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস
- আপডেট সময় : ১২:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, জনগণের এই সুস্পষ্ট রায় দেশের গণতান্ত্রিক উত্তরণের ধারাকে আরও সুদৃঢ় করেছে এবং সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
বার্তায় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমান প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির সমন্বয়ে দেশকে স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবেন। তিনি স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাঁদের আদর্শ আগামী দিনের পথচলায় প্রেরণা জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে—উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক-আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের জন্য সমন্বিত মেধা ও দূরদর্শী নেতৃত্ব অপরিহার্য।
তিনি আরও আশা করেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা শক্তিশালী হবে। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে তাঁর ইতিবাচক ভূমিকার জন্য কৃতজ্ঞতাও জানান প্রধান উপদেষ্টা।

















