চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ
- আপডেট সময় : ০৫:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৫ বার পড়া হয়েছে
খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের প্রধান খাদ্য মোটা চালের মূল্য খুচরা বাজারে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, এমন সংবাদ প্রধানমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
বাজার তদারকি জোরদার, মজুত পরিস্থিতি যাচাই এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে তাৎক্ষণিকভাবে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে দাবি করেন অতিরিক্ত প্রেস সচিব।
এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তিনি মনে করেন, এ ধরনের প্রচারণা অপ্রয়োজনীয় এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে।
অন্যদিকে উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদারের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সার্বিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং উপকূলীয় নিরাপত্তা জোরদারে সরকার সক্রিয় রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।


















