একুশের প্রথম প্রহরে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।
দিবসটি ঘিরে রাজধানীসহ দেশব্যাপী নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক স্তরের নিরাপত্তা বলয়ের মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা সুরক্ষিত রাখা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের নির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন র্যাব–এর মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, তবুও সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাবের সদস্যরা মাঠে মোতায়েন রয়েছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।
র্যাব ডিজি জানান, শহীদ মিনারকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে প্রয়োজনীয় সুইপিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপদে শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সার্বক্ষণিক নজরদারি ও টহলের মাধ্যমে গোটা এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাষাশহিদদের স্মরণে আয়োজিত এ রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে র্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত রয়েছে।


















