সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের
- আপডেট সময় : ০১:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ দূতাবাস রিয়াদ সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। সোমবার প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে দেশটিতে বসবাসরত সব বাংলাদেশিকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের শান্ত ও সংযত থাকার অনুরোধ জানিয়ে গুজব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান পরিস্থিতি সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়া আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অপ্রত্যাশিত ভোগান্তি এড়ানো যায়।
যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। কূটনৈতিক উইং: ৮০০১০০০১২৪, শ্রম কল্যাণ উইং: ৮০০১০০০১২৫ এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবার জন্য: ৮০০১০০০১২৬ নম্বরে সহায়তা পাওয়া যাবে।
দূতাবাস জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।


















