কুয়েতে হামলায় সিএইচ-৪৭ হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত, ইরান-মিত্র গোষ্ঠীর হস্তক্ষেপের জল্পনা
- আপডেট সময় : ০৭:২৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
কুয়েতের ক্যাম্প বুহরিংয়ে ড্রোন হামলায় মার্কিন সেনাবাহিনীর একটি সিএইচ–৪৭ চিনুক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই হামলায় হেলিকপ্টারের ককপিট এবং সামনের রোটর সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এটি মেরামতের অযোগ্য বা ধ্বংসপ্রাপ্ত বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে কুয়েতে শুক্রবার এক হামলায় একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর নিশ্চিত করেছে।
তাসনিম হেলিকপ্টারের একাধিক ক্ষতিগ্রস্ত ছবিও প্রকাশ করেছে, যা সামনে আসার পর পুরো ঘটনাটি এখন আরও স্পষ্ট হয়েছে বলে তাদের দাবি।
তবে, তাসনিম কোনো মন্তব্য করেনি যে, হেলিকপ্টারটি কি সরাসরি ইরান-সমর্থিত মিত্র সশস্ত্র গোষ্ঠীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা।
উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর কুয়েতে মার্কিন অবস্থানকে লক্ষ্য করে কেবল ইরান নয়, বরং ইরান-সমর্থিত ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোরও একাধিক হামলা চালানোর ঘটনা ঘটেছে।
এদিকে, শুক্রবার রাতের এক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনের মধ্যে একটি যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
আইআরজিসি দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে বর্ণনা করেছে।
বিশ্লেষকরা বলছেন, এই হামলা ও প্রতিরক্ষা কার্যক্রম মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্র গোষ্ঠীর ক্ষমতা প্রদর্শনের ইঙ্গিত বহন করছে, যা কেবল কুয়েতে নয়, গোটা অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে।
সাম্প্রতিক হামলা ও প্রতিক্রিয়ার ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কৌশলগত চাপ আরও বেড়েছে।

















