ভারতসহ ১১টি দেশের ওপর থেকে ট্রানজিট নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
- আপডেট সময় : ০৮:০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১ ৩১৭ বার পড়া হয়েছে
এমিরেটস এয়ারলাইন্স
ভারত ও পাকিস্তানসহ ৬টি দেশের বাসিন্দারা এখন থেকে কোনোরকম কোভিড-১৯ বিধিনিষেধ ছাড়া আমিরাতে ফিরতে বা ট্রানজিট নিতে পারবেন। অবশ্য এক্ষেত্রে শর্ত হচ্ছে, ভ্রমণের অন্তত ১৪ দিন আগে তাদের করোনা টিকার দুটি ডোজই নিতে হবে।
মঙ্গলবার এসব দেশের ওপর ট্রানজিট ফ্লাইট চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন আমিরাত ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ)। এদিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১১টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, উগান্ডা, নাইজেরিয়া ও নেপাল এই ৬টি দেশের বাসিন্দারা সরাসরি আমিরাতে প্রবেশ করতে পারবেন । পাশাপাশি আমিরাতের বিমানবন্দর ব্যবহার করে অন্য গন্তব্যেও যেতে পারবেন।
এসব দেশের বাসিন্দাদের ফিরতে হলে আমিরাতে প্রবেশ করার অন্তত ১৪ দিন আগে অবশ্যই করোনার টিকার দুটি ডোজই নিতে হবে এবং সঙ্গে সনদপত্রও থাকতে হবে। ঘোষণা অনুযায়ী আগামী ৫ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
তাছাড়া অন্য দেশে আটকে থাকা আমিরাতের বৈধ বাসিন্দাদেরও পূর্ণ ডোজ টিকা নেওয়ার সার্টিফিকেট দেখিয়ে দেশে ঢুকতে হবে। তার আগে যাত্রীদের আমিরাতে
প্রবেশের জন্য অনলাইনে অনুমতি চেয়ে আবেদন করা এবং ৪৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষায় করোনা নেগেটিভ হওয়ার প্রমাণও দাখিল করতে হবে।












