বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- আপডেট সময় : ০২:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972)-এর ১০(৫) ধারা অনুযায়ী মোস্তাকুর রহমানকে তাঁর যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয়াদি পৃথক চুক্তিপত্রে নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন গভর্নর বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর স্থলাভিষিক্ত হবেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। ড. মনসুর দায়িত্ব নিয়েছিলেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার-এর স্থলাভিষিক্ত হয়ে।
১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণকারী মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি.কম (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাদার যোগ্যতা অর্জন করে বর্তমানে তিনি এর ফেলো সদস্য।
তিনি করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনায় তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন। বর্তমানে রপ্তানিমুখী সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নোট: এই প্রতিবেদনে আগে যে ছবিটি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের ছবি হিসেবে ব্যবহার করা হয়েছিল, সেটি ভুল ছিল। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত।



















